ফুটবল

সতীর্থকে লাঞ্ছনার অভিযোগ, নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করল সান্তোস

ব্রাসেলস, ৫ মে – ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এবার মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন। সান্তোস ক্লাবে অনুশীলনের সময় সতীর্থ তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত রবিবার অনুশীলনের সময় এই ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। ঘটনার পরপরই সান্তোস ক্লাব কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

ইএসপিএন সূত্রে জানা গেছে যে অনুশীলনের সময় রবিনহো জুনিয়র ড্রিবলিংয়ের মাধ্যমে নেইমারকে কাটিয়ে এগিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে নেইমার তরুণ এই ফুটবলারের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে এক খেলোয়াড়ের বিরুদ্ধে অন্য খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার এই অভিযোগটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনার সময় নেইমার রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে অন্যান্য সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করেন। এই ঘটনার পর রবিনহো জুনিয়র মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে বোর্ডের নির্দেশে আইন বিভাগ এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

গ্লোবোস্পোর্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন। এগুলো হলো গালিগালাজ, ধাক্কা দেওয়া এবং চড় মারা। এছাড়া নিরাপত্তার অভাব বোধ করায় তিনি ক্লাবের সঙ্গে নিজের চুক্তি বাতিলের বিষয়েও আলোচনা করতে চান বলে জানা গেছে।

অন্যদিকে নেইমার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে সূত্রের খবর অনুযায়ী তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং তরুণ এই ফুটবলারের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। উল্লেখ্য যে এক সময় ব্রাজিল জাতীয় দলে রবিনহোর সঙ্গে খেলতেন নেইমার। চলতি মৌসুমে সান্তোসের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছেন রবিনহো জুনিয়র।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language