মোহাম্মদপুরে ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা, ৩ মে – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ রবিবার ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট বিভাগ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন। আগামী ১৩ মে মামলার এই চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামিদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেল পৌনে ৩টার দিকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আশিক।
হামলাকারীরা তাকে মৃত মনে করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে একই বছরের ২৮ সেপ্টেম্বর শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এই চার্জশিট জমা দিল।
এস এম/ ৩ মে ২০২৬









