মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে: ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি

তেহরান, ২ মে – যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করে চরম সতর্কতা জারি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সংগৃহীত বিভিন্ন তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতি রক্ষা করছে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত সামরিক সদর দফতরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদির এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মোহাম্মদ জাফর আসাদি তার বিবৃতিতে বলেন, মার্কিন কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও পদক্ষেপ মূলত সংবাদমাধ্যমকেন্দ্রিক।

তাদের প্রধান উদ্দেশ্য হলো তেলের বাজার নিয়ন্ত্রণ করা এবং সৃষ্ট জটিল পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করা। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো নতুন পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে আমেরিকানদের যেকোনো ধরনের নতুন দুঃসাহসিক কর্মকাণ্ড বা অবিবেচক পদক্ষেপের দাঁতভাঙ্গা জবাব দিতে তাদের সামরিক বাহিনী সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন বর্তমান আঞ্চলিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দিনে দিনে আরও অস্থিতিশীল হয়ে উঠছে। তবে ইরানের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language