ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২ মে – রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব অভিযোগগুলো মনোযোগ সহকারে শোনেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সাধারণ জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের সেবার মান বৃদ্ধিতে তিনি পুলিশ বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এস এম/ ২ মে ২০২৬









