জাতীয়

৩৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

ঢাকা, ৩০ এপ্রিল – পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ৯৮টি ফ্লাইটে তারা জেদ্দায় অবতরণ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিন অনুযায়ী, সৌদিতে অবস্থানকালে এ পর্যন্ত সাতজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদের সবার মৃত্যু স্বাভাবিক ছিল বলে নিশ্চিত করা হয়েছে।

সেখানে অবস্থানরত হজযাত্রীদের সহায়তায় সক্রিয় রয়েছে বিভিন্ন মেডিকেল ও কারিগরি টিম। সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জনকে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এই কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে। বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৪টি ফ্লাইটে ১৮ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি ৩৮ হাজার ৯৩৮ জন হজযাত্রী নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হজ অফিসের তথ্যানুসারে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। ঢাকার সৌদি দূতাবাস এখন পর্যন্ত ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন সৌদি আরব ত্যাগ করবে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language