আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী, ২৯ এপ্রিল – বৈরী আবহাওয়া কাটিয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ প্রথম দফায় সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করে যা সাড়ে ৬টায় পুনরায় চালু হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটায় দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুইঁয়া জানান, ঝড়ের কারণে দুই দফায় ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।
আকস্মিক এই অচলাবস্থার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে অপেক্ষমাণ যানবাহনের চাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে।
এনএন/ ২৯ এপ্রিল ২০২৬









