জাতীয়

রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার বড় সুযোগ

ঢাকা, ২৯ এপ্রিল – বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ হওয়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রোমানিয়া সরকারের ৩২ নম্বর জরুরি অধ্যাদেশ এবং রাজক্ষমা কর্মসূচির ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা বিদেশি কর্মীদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। যারা বিভিন্ন আইনি জটিলতায় অবৈধ হয়ে পড়েছেন, তারা এখন থেকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে নিজেদের অবস্থান বৈধ করতে পারবেন।

বিশেষ করে যারা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়ায় আসার পর কর্মস্থল থেকে নিয়োগ পাননি অথবা ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে পেতে ব্যর্থ হয়ে অনিয়মিত হয়ে পড়েছেন, তারা এই উদ্যোগের প্রধান সুবিধাভোগী। এ ছাড়া অনেক ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কাটলেও তা সরকারি কোষাগারে জমা না দেওয়া অথবা সঠিক সময়ে টিআরসি আবেদন না করার কারণে কর্মীরা অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে যান।

নতুন এই আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে অনিয়মিত কর্মীদের স্থানীয় ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে। তবে এই প্রক্রিয়ায় তাদের অবশ্যই নতুন একজন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে তার অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় টিআরসি কার্ডের আবেদন করতে হবে।

বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং কোনো জটিলতা দেখা দিলে দূতাবাসের সহায়তা নিতে পরামর্শ দিয়েছে।

তবে যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন অথবা যাদের ইতোমধ্যেই দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, তারা এই সুবিধার আওতাভুক্ত হবেন না।

এই বিশেষ সুযোগ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language