আফ্রিকা

চাদে পানির উৎস নিয়ে ভয়াবহ দাঙ্গা: নিহত ৪২

এনজামেনা, ২৭ এপ্রিল – পূর্ব চাদের ওয়াদি-ফিরা প্রদেশের ইগোটে গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই খবর প্রকাশ করেছে।

চাদিয়ান প্রেস অ্যান্ড পাবলিশিং এজেন্সির বরাত দিয়ে জানানো হয় যে গত শনিবার একটি পানির উৎসকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি থেকে এই ঝামেলার সূত্রপাত ঘটে। তুচ্ছ এই বিরোধ এক সময় দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গায় রূপ নেয়। ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় চাদের উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল এলাকাটি পরিদর্শন করেন।

উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত জানান যে সংঘাতের ফলে ৪২ জনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান যে বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য যে চাদে জমি এবং পানির মতো প্রাকৃতিক সম্পদ নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রায়ই এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে থাকে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language