চলন্ত বাসে চালক অজ্ঞান: শিক্ষার্থীদের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ওয়াশিংটন, ২৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে চলন্ত স্কুলবাসের চালক হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কয়েকজন শিক্ষার্থীর অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাসটি এবং বাসের যাত্রীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যানকক মিডল স্কুলের বাসটি মহাসড়কে চলাকালীন চালক লিয়া টেইলর তীব্র অ্যাজমা অ্যাটাকে আক্রান্ত হয়ে স্টিয়ারিংয়ের ওপর অজ্ঞান হয়ে পড়েন।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করলে বাসে থাকা ১২ বছর বয়সী শিক্ষার্থী জ্যাকসন ক্যাসনেভ দ্রুত স্টিয়ারিং ধরে ফেলে। একই সময় ড্যারিয়াস ক্লার্ক নামের অন্য এক শিক্ষার্থী বাসের ব্রেক চেপে ধরার চেষ্টা করে। শুরুতে এয়ার ব্রেক ব্যবহারে কিছুটা সমস্যা হলেও শেষ পর্যন্ত তারা বাসটির গতি কমিয়ে নিরাপদ স্থানে থামাতে সক্ষম হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেলেই নামের এক শিক্ষার্থী তৎক্ষণাৎ জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চায়।
১৫ বছর বয়সী ডেস্টিনি কর্নেলিয়াস চালকের কাছে থাকা নেবুলাইজার ব্যবহার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ম্যাকেনজি ফিঞ্চ চালককে স্থির রাখতে সহায়তা করে এবং স্কুল কর্তৃপক্ষকে ফোনে বিষয়টি অবহিত করে। পরবর্তী সময়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালক লিয়া টেইলরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। শিক্ষার্থীদের এমন বীরত্বপূর্ণ কাজের জন্য তাদের বিশেষ সম্মাননা প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ। চালক লিয়া টেইলর আবেগাপ্লুত হয়ে বলেন, তিনি ওই শিক্ষার্থীদের নিয়ে অত্যন্ত গর্বিত এবং তারা তার জীবন বাঁচিয়েছে।
এস এম/ ২৭ এপ্রিল ২০২৬









