উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন: আবেদন করতে হবে নিজ দেশ থেকে

ওয়াশিংটন, ২৩ মে – যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অধিকাংশ অভিবাসনপ্রত্যাশীকে গ্রিন কার্ডের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা ইউএসসিআইএস জানিয়েছে যে বিশেষ পরিস্থিতি ছাড়া অভ্যন্তরীণভাবে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ড আবেদন আর গ্রহণ করা হবে না। এর ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা পর্যটক ভিসাধারীদের বড় অংশকেই আবেদন প্রক্রিয়া শেষ করতে নিজ দেশে ফিরে যেতে হবে।

এতদিন প্রচলিত নিয়ম অনুযায়ী অনেক ভিসাধারী যুক্তরাষ্ট্রে অবস্থান করেই স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ পেতেন যা নতুন নীতির ফলে সীমিত হয়ে গেল। ইউএসসিআইএস এর দাবি এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও ন্যায্য করা এবং অবৈধভাবে অবস্থান করার প্রবণতাকে নিরুৎসাহিত করা।

সংস্থাটির মতে আবেদনকারীরা নিজ দেশে অবস্থান করলে তাদের শনাক্ত ও প্রয়োজনে বহিষ্কার করা সহজ হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে যে অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের যুগ শেষ হয়েছে। তবে এই নীতির তীব্র সমালোচনা করেছেন মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা।

তাদের মতে এর ফলে হাজারো পরিবার বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে। বর্তমানে প্রায় দশ লাখেরও বেশি অভিবাসী স্ট্যাটাস পরিবর্তনের অপেক্ষায় আছেন যারা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়লেন। নতুন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে চলমান কঠোরতারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language