শিক্ষা

এসএসসির তৃতীয় দিনে ৪০ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩৪ হাজার

ঢাকা, ২৬ এপ্রিল – চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে ৪০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩৪ হাজার ৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান জানানো হয়েছে। এতে বলা হয় আজ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ইংরেজি আবশ্যিক প্রথম পত্র এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে আজ অংশগ্রহণ করেছে ১১ লাখ ৯২ হাজার ৭৪৭ জন। অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী। অনুপস্থিতির গড় হার ১ দশমিক ২৯ শতাংশ এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ২১ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায় ঢাকা বোর্ডে ৩ হাজার ৫৯৯ জন এবং রাজশাহীতে ২ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শতাংশের হিসেবে বরিশাল বোর্ডে সর্বোচ্চ ১ দশমিক ৯৯ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে সর্বনিম্ন ১ দশমিক ০৫ শতাংশ অনুপস্থিতির খবর পাওয়া গেছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষায় ১৪ হাজার ৯৬৩ জন অনুপস্থিত ছিল এবং ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি বোর্ডের অধীনে গণিত ২ পরীক্ষায় ৩ হাজার ৪৯২ জন অনুপস্থিত ছিল এবং বহিষ্কৃত হয়েছে ৪ জন শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের নয়টি কেন্দ্রেও আজ পরীক্ষা নেওয়া হয়েছে।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language