ওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের: পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে সংশয়

তেহরান, ২৫ এপ্রিল – অতীতে আলোচনার মাঝপথে প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালানোয় পাকিস্তানে প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি কোনো বৈঠক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে ইরানি প্রতিনিধি দলের আলোচনার সময়ই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করেছিল। ১২ দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাঙ্কার বাস্টার বোমায় সজ্জিত বি ২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। এরপর থেকে ওয়াশিংটন দাবি করে আসছে যে ইরান পুনরায় পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের রাজধানী মাস্কটে দুই পক্ষের বৈঠকের সময়ও একইভাবে হামলার ঘটনা ঘটে। ডোনাল্ড ট্রাম্প আলোচনার অগ্রগতিতে অসন্তোষ প্রকাশের পরপরই মার্কিন বাহিনী অভিযান শুরু করে।
বর্তমানে একই মার্কিন প্রতিনিধি দল আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলেও ইরানি কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসতে নারাজ। তারা মনে করছেন যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য নয় এবং সামরিক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। ইরানের কিছু কট্টরপন্থী নেতা মনে করেন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।
ইসলামাবাদে স্থবির হয়ে থাকা এই আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









