শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ডাকসু নেতাসহ একাধিক সাংবাদিক

ঢাকা, ২৩ এপ্রিল – রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে মামলা করতে থানায় গিয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে সেখানে ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এই ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার মুখে ডাকসু নেতারা থানার ভেতরে আশ্রয় নিলে সেখানেও তাদের ওপর হামলা চালানো হয়।
বর্তমানে শাহবাগ থানা ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এনএন/ ২৩ এপ্রিল ২০২৬









