পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ নির্বাচন: ইভিএমে ভোট জালিয়াতির অভিযোগে উত্তপ্ত বড়ঞা ও নন্দীগ্রাম

কলকাতা, ২৩ এপ্রিল – ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালে বড়ঞা ও নন্দীগ্রামের বেশ কিছু বুথে ইভিএম জালিয়াতির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রের ১৮৬ নম্বর বুথে ভোট দিতে আসা ভোটারদের একাংশ অভিযোগ করেন যে, ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেও ভোট জমা পড়ছে বিজেপির পক্ষে। বড়ঞা ব্লকের গোদাপাড়া এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং তারা বুথের বাইরে বিক্ষোভ শুরু করেন।

ভোটারদের দাবি, মেশিনে যান্ত্রিক কারসাজি বা বড় ধরনের কারিগরি ত্রুটির কারণেই এমনটা ঘটছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশৃঙ্খলা এড়াতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তারা পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করেন। অন্যদিকে একই চিত্র দেখা গেছে নন্দীগ্রামের ১৫১ নম্বর বুথেও।

বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, ভোটাররা যাকে খুশি ভোট দিলেও তা স্বয়ংক্রিয়ভাবে বিজেপির পক্ষে রেকর্ড হচ্ছে। এই অভিযোগের জেরে নন্দীগ্রামের ওই বুথেও দীর্ঘক্ষণ ভোটদান প্রক্রিয়া থমকে যায়। ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। উত্তেজনাকর পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট বুথগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language