নেপালে রাজনৈতিক অস্থিরতা: মাস না পেরোতেই টালমাটাল বালেন শাহর সরকার

কাঠমুন্ডু, ২৩ এপ্রিল – নেপালের রাজনৈতিক পটপরিবর্তনের প্রত্যাশা নিয়ে গঠিত নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই বড় ধরনের সংকটে পড়েছে। দুর্নীতির বিরুদ্ধে সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী বালেন শাহর প্রশাসনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। গত ২৬ দিনের মধ্যে মন্ত্রিসভার দুজন গুরুত্বপূর্ণ সদস্য পদত্যাগ করায় সংস্কারবাদী ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
বিশেষ করে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। সর্বশেষ ব্যক্তিগত বিনিয়োগ ও ব্যবসায়িক লেনদেন নিয়ে নৈতিকতার দায়বদ্ধতা থেকে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। তিনি জানান যে পদের চেয়ে নৈতিকতা ও স্বচ্ছতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর আগে শ্রমমন্ত্রী দীপক কুমার শাহ শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হন।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী বালেন শাহ নিজেই তদারকি করছেন। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভারত ও নেপাল সীমান্ত নীতি নিয়েও জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ভারত থেকে ১০০ রুপির বেশি মূল্যের পণ্য আনলেই শুল্ক দিতে হবে।
এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। এছাড়া আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বর্তমানে ১০৯তম অবস্থানে থাকা নেপালের এই সরকারের ভবিষ্যৎ এখন গভীর পর্যবেক্ষণের অধীনে রয়েছে।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









