চট্টগ্রামে ওয়াসার মাটি খননের সময় ধসে ২ শ্রমিকের মৃত্যু

চট্রগ্রাম, ২৩ এপ্রিল – চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার পাইপলাইনের জন্য মাটি খনন করার সময় ভয়াবহ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, রাতে শ্রমিকরা খনন কাজ করছিলেন।
হঠাৎ উপর থেকে বিশাল মাটির স্তূপ ধসে পড়লে চারজন শ্রমিক নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে অন্যান্য শ্রমিক ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।
তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকল্পের পরিচালকের মাধ্যমে তিনি দুর্ঘটনার বিষয়ে জেনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









