জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

টোকিও, ২০ এপ্রিল – জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে দেশটির ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে যে, সোমবার স্থানীয় সময় বিকেলে এই ভূমিকম্পটি অনুভূত হয়।
আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। শক্তিশালী এই ভূকম্পনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ত্রুটি দেখা দিয়েছে কি না তা খতিয়ে দেখতে পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ।
ভূমিকম্প পরবর্তী সময়ে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা এবং জরুরি পরিস্থিতির জন্য সতর্ক অবস্থানে রয়েছে।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









