যুক্তরাষ্ট্রে বাবার গুলিতে নিজের ৭ সন্তানসহ ৮ শিশু নিহত

ওয়াশিংটন, ২০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্টে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায় নিজের সাত সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। স্থানীয় সময় রোববার সকালে তিনটি আলাদা বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সংঘটিত অন্যতম বড় বন্দুক হামলার ঘটনা। নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে এবং পাঁচজন মেয়ে রয়েছে যাদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে।
নিহতরা হলো জায়লা এলকিন্স, শায়লা এলকিন্স, কায়লা পিউ, লায়লা পিউ, মারকেডন পিউ, সারিয়া স্নো, খেডারিওন স্নো এবং ব্রেলন স্নো। এদের মধ্যে সাতজন আপন ভাইবোন এবং একজন তাদের চাচাত ভাই বা বোন। স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্পোরাল ক্রিস বোর্ডেলোন জানিয়েছেন যে ৩১ বছর বয়সী হামলাকারীর নাম শামার এলকিন্স। শিশুদের হত্যার পাশাপাশি তিনি তার স্ত্রীসহ আরও এক নারীকে গুলি করেছেন। অভিযুক্ত ব্যক্তি প্রথমে তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন। স্ত্রীকে গুলি করার পর তিনি অন্য দুটি বাড়িতে যান এবং একে একে নিজের সন্তানদের হত্যা করেন।
এই হামলায় নিহত অষ্টম শিশুর মা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই সহিংসতা থেকে বাঁচতে ১৩ বছর বয়সী এক শিশু ছাদ থেকে লাফ দিলে তার হাড় ভেঙে যায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে সে সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে ঘটনার পর পুলিশের গুলিতে অভিযুক্ত শামার এলকিন্সও গুরুতর আহত হয়েছেন। শামার এলকিন্স সম্পর্কে জানা গেছে যে তিনি ২০২০ সাল পর্যন্ত প্রায় সাত বছর লুজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। তবে তাকে কখনও কোথাও মোতায়েন করা হয়নি। এর আগে ২০১৯ সালে একটি স্কুলের সামনে গোলাগুলির ঘটনায় তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









