মধ্যপ্রাচ্য

ইরানি জাহাজ জব্দের জেরে এশিয়ায় তেলের বাজারে অস্থিরতা

তেহরান, ২০ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ঘিরে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্র আটক ও জব্দ করার ঘোষণা দেওয়ার পর এশিয়ার বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ জব্দের বিষয়টি নিশ্চিত করার পর সোমবার সকাল থেকেই এশিয়ার বাজারে এর প্রভাব পড়তে শুরু করে।

এর আগে গত শনিবার ইরান ঘোষণা করেছিল যে, তারা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। এই জলপথে প্রবেশ করার চেষ্টা করা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৪.৭৪ শতাংশ বেড়ে ৯৪.৬৬ ডলারে পৌঁছেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই এর দাম ৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮.৫৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো ধরনের শান্তি আলোচনায় তারা বসবে না। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবরোধ কার্যকর থাকা অবস্থায় আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে ইরানের নেই। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে শান্তি চুক্তির বিষয়ে শেষ সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন যে, প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language