উত্তর আমেরিকা

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ট্রাম্পের, দিলেন চরম হুঁশিয়ারি

ওয়াশিংটন, ১৯ এপ্রিল – ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সঙ্গে চলমান যুদ্ধের অবসানে শিগগিরই একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্লের মতে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেও একটি চুক্তির ব্যাপারে এখনও বিশ্বাসী। ট্রাম্প তাকে জানিয়েছেন যে, এই চুক্তি যেকোনোভাবে সম্পন্ন হবে। সহজ বা কঠিন পথ যেটাই হোক না কেন, একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে। ট্রাম্প আরও জানান যে, মার্কিন প্রতিনিধিদের একটি দল আলোচনার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছে।

সোমবার সন্ধ্যায় তারা সেখানে পৌঁছাবে বলে কথা রয়েছে। যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব পেশ করছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি এই প্রস্তাব গ্রহণ না করে তবে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। আলোচনা ব্যর্থ হওয়ার ক্ষেত্রে ইরানের সঙ্গে নমনীয় ব্যবহারের দিন শেষ হয়েছে বলে কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই অবকাঠামোগুলো খুব দ্রুত এবং সহজেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language