উত্তর আমেরিকা

নিরাপত্তার কারণে জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৯ এপ্রিল – নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন যে প্রতিনিধিদলের সঙ্গে ভ্যান্স পাকিস্তানে যাবেন না। এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনা সভায় ভ্যান্সের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

ভ্যান্সের সফর বাতিলের কারণ হিসেবে ট্রাম্প বলেন এটি শুধুমাত্র নিরাপত্তার কারণে করা হয়েছে। জেডি ভ্যান্স একজন চমৎকার মানুষ বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

একই দিনে ফক্স নিউজকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন এটি ইরানের জন্য শেষ সুযোগ।

ট্রাম্প স্পষ্ট করে দেন যে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো একই ভুল করবেন না যার প্রশাসন ২০১৫ সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল।

ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন দেশটি যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে তবে তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশহাক দার এক ফোনালাপে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নানা বিষয়ে মতবিনিময় করেছেন।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মার্কিন মধ্যস্থতাকারীরা সোমবার পাকিস্তানে পৌঁছাবেন।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language