উত্তর আমেরিকা

মার্কিন স্বার্থবিরোধী তৎপরতা: ২৬ ব্যক্তির ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৭ এপ্রিল – পশ্চিম গোলার্ধের যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে দেশটির স্বার্থ ক্ষুণ্ন করছে, সেই দেশগুলোর নাগরিকদের ওপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে এই নতুন নীতির আওতায় ইতিমধ্যে ২৬ জন ব্যক্তির মার্কিন ভিসা বাতিল করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব পুনরুদ্ধারের জোরালো চেষ্টা চালাচ্ছেন। তার এই পরিকল্পনা মূলত উনিশ শতকের বিখ্যাত মনরো ডকট্রিনের আদলে তৈরি যাকে তিনি ডনরো ডকট্রিন হিসেবে অভিহিত করেছেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প আমেরিকা অঞ্চলজুড়ে মাদক পাচার বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। মাদক পাচার রোধে তার কঠোর নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও প্রয়োজনে সামরিক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে লাতিন আমেরিকার দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কমাতেও তৎপর হয়েছেন ট্রাম্প।

স্টেট ডিপার্টমেন্টের ব্যাখ্যা অনুযায়ী যারা জেনেশুনে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষকে পরিচালনা, অর্থায়ন বা উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবেন তাদের ওপর এই ভিসা বিধিনিষেধ কার্যকর হবে। যদিও ভিসা বাতিল হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি তবে বিশেষ আইনি ক্ষমতাবলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন।

এর আগে ফিলিস্তিনপন্থী এবং ইরান সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরও একই ধরনের ব্যবস্থা নিয়েছিল ট্রাম্প প্রশাসন।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language