মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার, ১৩ জুন – কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় সাতটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত নতুন মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চকরিয়ার বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর, পূর্ব বড়ভেওলা ও সাহারবিল ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়।
নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী জানান, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দিয়েছিলেন, এই নতুন উপজেলা গঠনের মধ্য দিয়ে তার বাস্তবায়ন শুরু হলো। এর ফলে সরকারি সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছাবে এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে অবহেলিত জনপদের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলাও এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, ইউএনও শাহীন দেলোয়ারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনএন/ ১৩ জুন ২০২৬









