হরমুজ প্রণালিতে মার্কিন নিষেধাজ্ঞা মানার আহ্বান মার্কো রুবিওর

ওয়াশিংটন, ১৩ জুন – হরমুজ প্রণালিতে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে যুক্তরাষ্ট্রের দেওয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি স্পষ্ট করে জানান যে, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের কোনো ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না।
শুক্রবার এই দুই নেতার মধ্যে আলাপকালে রুবিও বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বর্তমানে ইউরোপ সফরে থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ফোনালাপে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেন।
উল্লেখ্য যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চলতি সপ্তাহে ওমানের কাছে হরমুজ প্রণালিতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় তিন ভারতীয় নাবিকের প্রাণহানির ঘটনায় ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত ভারতীয় ক্রু সদস্য থাকা অন্তত তিনটি জাহাজ মার্কিন বাহিনীর হামলার শিকার হয়েছে।
পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে ভারত। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো মার্কিন কূটনীতিককে তলব করা হলো।
এনএন/ ১৩ জুন ২০২৬









