৪ দেশের নাগরিকদের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠালো যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৩ জুন – যুক্তরাষ্ট্র থেকে ইরান, আফগানিস্তান, তুরস্ক ও জর্জিয়ার নাগরিকদের বহনকারী একটি বিশেষ বিমান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠানো হয়েছে। মার্কিন প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব দেশের নাগরিকদের সেখানে পাঠানো হয় বলে জানা গেছে।
মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন যে,
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে এসব নাগরিকদের কোনো পূর্ব যোগসূত্র নেই। অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আইনি সুরক্ষা পাওয়া ব্যক্তিদেরও এই বহিষ্কার প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। অথচ খোদ মার্কিন পররাষ্ট্র দফতরই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রকে ভ্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করে রেখেছে।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন যে,
এই ফ্লাইটে অন্তত দুজন ইরানি নারী ছিলেন যারা ইরানি সরকারের নিপীড়ন থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। তারা উইথহোল্ডিং অব রিমুভাল নামক একটি আইনি সুরক্ষাও লাভ করেছিলেন।
তাদের আইনজীবী এমিলি ট্রস্টল আশঙ্কা প্রকাশ করেছেন যে,
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে তাদের শেষ পর্যন্ত নিজ দেশেই ফিরে যেতে বাধ্য করা হতে পারে। হিউম্যান রাইটস ফার্স্ট এর তথ্যমতে, ১১ জুন সন্ধ্যায় লুইজিয়ানা অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়া থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করে।
এরপর ১২ জুন ঘানায় যাত্রাবিরতি শেষে বিমানটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুইয়ে পৌঁছায়। মার্কিন অভিবাসন আইনজীবী আলমা ডেভিড জানান, ঘানায় কোনো যাত্রীকে নামানো হয়েছে কি না তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এস এম/ ১৩ জুন ২০২৬









