চীনের আকাশে ডানা মেলল বিশ্বের অন্যতম বৃহৎ কার্গো ড্রোন এইচএইচ-২০০

বেইজিং, ১৫ এপ্রিল – আকাশপথে বৃহৎ আকারের মানববিহীন পরিবহন প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করেছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এইচএইচ ২০০ নামের কার্গো ড্রোন বুধবার সফলভাবে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না নির্মিত এই ড্রোনটি পরীক্ষামূলক ফ্লাইটে স্থিতিশীল পারফরম্যান্স দেখিয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে যে উড্ডয়নের সময় ড্রোনের সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে।
এইচএইচ ২০০ ড্রোনটির সর্বোচ্চ বহনক্ষমতা ১.৫ টন। এর স্ট্যান্ডার্ড কার্গো ধারণক্ষমতা ১২ ঘনমিটার যা ১৮ ঘনমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। ড্রোনটি ঘণ্টায় সর্বোচ্চ ৩১০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একটানা প্রায় ২,৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। উড়োজাহাজটির নকশায় আধুনিক প্রযুক্তি ও বিশেষ উপাদান ব্যবহারের ফলে এর ওজন প্রায় ২০ শতাংশ কমেছে যা পরিচালন ব্যয় হ্রাসে সাহায্য করবে। এতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্লাইট সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিবন্ধকতা এড়ানোর প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
এই ড্রোন প্রায় ৫০,০০০ ঘণ্টা উড্ডয়ন বা ১৫,০০০ বার ওঠানামা করতে পারে। প্রতিকূল পরিবেশেও এটি সমানভাবে কার্যকর। এটি মাত্র ৫০০ মিটারের ছোট রানওয়ে এবং ৪,২০০ মিটার উচ্চতার মালভূমি থেকেও উড্ডয়ন করতে পারে। পাশাপাশি মাইনাস ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটি পরিচালনা করা সম্ভব। চীনের এই অগ্রগতি তাদের আকাশপথ ভিত্তিক অর্থনীতি উন্নয়নের কৌশলকে আরও শক্তিশালী করবে। ২০৩০ সালের মধ্যে দেশটি এই খাতে একটি আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬









