চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে ১২ লাখ টাকার সিগারেট ও স্মার্টফোন জব্দ

চট্টগ্রাম, ১৫ এপ্রিল – চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬৩০ কার্টন সিগারেট এবং পাঁচটি দামী স্মার্টফোন পাওয়া গেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রী চট্টগ্রাম অবতরণ করেন।

বিমানবন্দরের কাস্টমস হলে এনএসআই চট্টগ্রামের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স তল্লাশি চালিয়ে এই চালান উদ্ধার করে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটি আইফোন এবং চারটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল রয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে জব্দকৃত পণ্যগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

অভিযুক্ত দুই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিক সতর্কতা প্রদান করে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর জুড়ে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language