বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ, ১০ এপ্রিল – বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে এবং বর্তমান সরকার সেই চেতনারই প্রতিফলন।
ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণে সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ যে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের প্রত্যাশা করেছিল, তা পূরণে সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। সরকার ইতিমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে এবং এই চেতনার বাস্তবায়নে কাজ এগিয়ে নিচ্ছে। ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় সম্পর্কে তিনি জানান, সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে।
এছাড়া বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আইনমন্ত্রী ইতিমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করেছেন। হাইকোর্ট বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে একটি রায় দিলেও তা চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মাধ্যমেই এই বিষয়টি চূড়ান্তভাবে মীমাংসা হবে।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









