উত্তর আমেরিকা

ইরান থেকে যৌথভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ১৮ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো থেকে তেহরান ও ওয়াশিংটন যৌথভাবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করবে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা একসঙ্গে এই ইউরেনিয়াম সংগ্রহ করবেন।

তিনি আরও জানান যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুব ধীরস্থিরভাবে সেখানে যাবেন এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করবেন। পরবর্তীতে উদ্ধারকৃত সেই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই চুক্তির বিষয়ে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তেহরান বারবার জোর দিয়ে বলেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তারা কখনোই ত্যাগ করবে না। এর আগে ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে পারমাণবিক ধূলিকণা হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছিলেন যে ওয়াশিংটন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তগত করবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়ামের মজুত রয়েছে। সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language