জাতীয়

ইরানের বাধায় হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

ঢাকা, ১৮ এপ্রিল – হরমুজ প্রণালিতে প্রবেশের পরও শেষ পর্যন্ত গন্তব্যের দিকে অগ্রসর হতে পারল না বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশে মাঝপথ থেকেই জাহাজটিকে ফিরে আসতে হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, গত শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করে। পরিকল্পনা ছিল ভোরের মধ্যে প্রণালি অতিক্রম করার। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষার নির্দেশ দেয়।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এগোতে পারবে না। ফলে প্রণালির ভেতরেই জাহাজটিকে দীর্ঘ সময় অবস্থান করতে হয়।

এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা আসায় শুক্রবার রাতে নোঙর তোলে বাংলার জয়যাত্রা। কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বেতার বার্তার মাধ্যমে ইরানের বাহিনী জাহাজটিকে পুনরায় পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। বর্তমানে ৩১ জন নাবিকসহ জাহাজটি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পারস্য উপসাগরের দিকে যাত্রা করছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে গত ৪০ দিন ধরে জাহাজটি এই অঞ্চলে অবস্থান করছে। এর আগে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে গত ১০ এপ্রিল প্রণালির কাছাকাছি পৌঁছালেও অনুমতি না পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলে অবস্থান নিতে হয়েছিল জাহাজটিকে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language