হরমুজ প্রণালি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৮ এপ্রিল – যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে, তবে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, হরমুজ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত এখন থেকে সরাসরি মাঠপর্যায়ে গ্রহণ করা হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়। মূলত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তৎপরতাকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প সম্প্রতি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালি নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন।
ঘালিবাফের এই মন্তব্যকে ট্রাম্পের প্রতি সরাসরি কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘালিবাফ এক্সে পাল্টা বার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে এই প্রণালি বেশি দিন উন্মুক্ত থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, এই জলপথ দিয়ে যাতায়াত ইরানের অনুমোদন ও নির্ধারিত পথ অনুযায়ী পরিচালিত হবে।
উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে দীর্ঘ উত্তেজনার পর গত ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। শান্তিচুক্তির লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে সংলাপে বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে ইরানের পক্ষে ঘালিবাফ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স নেতৃত্ব দেন।
তবে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় গত ১২ এপ্রিল ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারি করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকোম। বর্তমানেও সেই অবরোধ বহাল রয়েছে।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









