মাদারীপুরে ৭ দোকানে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণ ও নগদ টাকাসহ বিপুল মালামাল লুট

মাদারীপুর, ১৮ এপ্রিল – মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের সাতটি প্রতিষ্ঠানে লুটপাট চালায় বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন। ডাকাত দলের সদস্যরা ছয়টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, রুপা ও নগদ অর্থ লুটে নেয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে ৫৫ ভরি রুপা এবং বিদ্যুৎ মণ্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রুপা ও নগদ ১ লাখ টাকা লুট হয়েছে। এছাড়া পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, এক কেজি রুপা ও ৯৫ হাজার টাকা এবং স্বদেব মণ্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে ১ ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও প্রায় ৭ ভরি রুপা খোয়া গেছে। ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও জিয়া হাওলাদারের মালিকানাধীন জিয়া স্টোর নামক মুদি দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী ব্যবসায়ী স্বদেব মণ্ডল জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর সকালে তারা চুরির খবর পান। ডাকাতরা দোকানের সব মালামাল ও নগদ অর্থ নিয়ে যাওয়ায় তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিমল মালো নামে অন্য এক ব্যবসায়ী জানান, পুলিশের টহল পর্যাপ্ত থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতো। বর্তমানে বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার পর পুরো হাউসদী বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারসহ বাজারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









