লেবাননে হামলা কমাতে নেতানিয়াহুকে ট্রাম্পের নির্দেশ, শুরু হচ্ছে সরাসরি আলোচনা

বৈরুত, ১০ এপ্রিল – ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যেন ভেস্তে না যায় সে লক্ষ্যে লেবাননে হামলা কমানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে নেতানিয়াহু প্রকাশ্যে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই তাকে টেলিফোনে এই নির্দেশ দেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনার স্বার্থে লেবানন ইস্যু নিয়ে ভাবতে সম্মত হয়েছে ইসরায়েল।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে সেই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার পরও দেশটিতে ব্যাপক মাত্রায় হামলা চালায় ইসরায়েল। এতে দুই শতাধিক মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন।
অন্যদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে এই আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি জানান লেবাননের পক্ষ থেকে বারবার অনুরোধ আসার পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দ্বিপাক্ষিক শান্তি প্রতিষ্ঠা করা।
লেবাননের প্রধানমন্ত্রী ইতোমধ্যে রাজধানী বৈরুতকে নিরস্ত্র করার ঘোষণা দিয়েছেন। সরকারি বাহিনী ছাড়া অন্য সবার কাছ থেকে অস্ত্র জব্দ করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।
এনএন/ ১০ এপ্রিল ২০২৬









