ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে: রাশিয়া

মস্কো, ৮ এপ্রিল – ইরানের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন। তিনি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি কোনো ধরনের উসকানি ছাড়াই ইরানের ওপর একপাক্ষিক ও আগ্রাসী হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তবে এই সংঘাতে দেশ দুটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মারিয়া জাখারোভা আরও জানান, সংঘাতের শুরু থেকেই রাশিয়া বলে আসছে যে অবিলম্বে এই আগ্রাসন বন্ধ হওয়া উচিত, কারণ এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান সম্ভব নয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়। টানা ৩৯ দিন ধরে চলা এই যুদ্ধে ইরানের জোরালো পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলো ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে।
বিশেষ করে ইরান আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়। এর ফলে বৈশ্বিক অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যুক্তরাষ্ট্র চরম চাপের সম্মুখীন হয়। উদ্ভূত পরিস্থিতিতে অবশেষে মঙ্গলবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









