একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত: জাতীয় সংসদে গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা, ৩০ এপ্রিল – জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হলে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে একাত্তরের কর্মকাণ্ড যে সঠিক ছিল না তা মেনে নিয়ে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার ভুলের জন্য ক্ষমা চাইলে কেউ নিন্দিত হয় না বরং ভুলকে আঁকড়ে রাখাই নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, আমাদের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার। ৪৭ এর পাকিস্তান আন্দোলনে কিন্তু বর্তমান সরকারি দলের অনেকেই পাকিস্তানের পক্ষে ছিল। তিনি ৫২-র ভাষা আন্দোলন এবং ৬২-র শিক্ষা আন্দোলন থেকে নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
গয়েশ্বর চন্দ্র রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে বলেন, একটি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয় কিন্তু তার সমাপ্তি হয় না। আমরা যুদ্ধ শুরু করেছিলাম ২৬শে মার্চ এবং সমাপ্ত করেছি ১৬ই ডিসেম্বরে। তিনি আরও বলেন, তৎকালীন সময়ে ৪৩ জন প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্য বঙ্গভবনে মালেকের সাথে দেখা করে পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন। তাদের মধ্যে শেখ মুজিবের চাচা মোশাররফ হোসেন খানও ছিলেন যাদের এখনো বিচার হয়নি।
নিজের ব্যক্তিগত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, তার কোনো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেই এবং তিনি এটি দাবিও করেন না। মুক্তিযুদ্ধের বিনিময়ে তিনি কিছু আশা করেন না বলেও সংসদকে জানান।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









