জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনিয়ম: ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করলেন উপাচার্য

ময়মনসিংহ, ৩০ এপ্রিল – জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া এক প্রহসন ছাড়া আর কিছুই নয়।
বৃহস্পতিবার ময়মনসিংহে চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। পরিদর্শনকালে পরীক্ষাকেন্দ্রে নানা অনিয়ম দেখে উপাচার্য তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে উপাচার্য জানান, পরীক্ষা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত শিক্ষক ও কর্মকর্তাদের নৈতিক উন্নয়ন ছাড়া মানসম্মত পরীক্ষা গ্রহণ করা সম্ভব নয়।
এদিন ময়মনসিংহের একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করার নির্দেশ দেন তিনি।
ড. আমানুল্লাহ আরও উল্লেখ করেন যে, শিক্ষার মান নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
পরিদর্শনের আগে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আঞ্চলিক কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









