ঢাবি সাংবাদিকদের ওপর হামলা: মামলা না নেওয়ায় সংসদে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

ঢাকা, ৩০ এপ্রিল – ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ঘটনার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট জবাব দাবি করেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেন।
নাহিদ ইসলাম বলেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। অত্যন্ত পরিতাপের বিষয় যে এই ঘটনার পর এখনও কোনো মামলা নেওয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, থানার ভেতরে প্রবেশ করে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা চালানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, কেন এই মামলা গ্রহণ করা হচ্ছে না। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিক সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানা চত্বরে বিনা উসকানিতে সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন, যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।
অভিযোগ রয়েছে যে হামলা চলাকালে শাহবাগ থানা পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। হামলার ঘটনায় ছাত্রদলের ১২ জনের নাম উল্লেখ করে সমিতির পক্ষ থেকে এজাহার জমা দেওয়া হলেও ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









