জাতীয়

আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ঢাকা, ৮ এপ্রিল – সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান নূর সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। অসৎ উদ্দেশ্যে তিনি ৫ কোটি ৩৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

এই বিশাল অঙ্কের অবৈধ অর্থ স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার টিআইএন নম্বর চালুর পর থেকে বর্তমান পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ যাবতীয় রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা জরুরি বলে আদালতকে জানিয়েছে দুদক।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language