এক দিনের সফরে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান, নিরাপত্তা জোরদার

সিলেট, ০২ মে – এক দিনের সরকারি সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো সিলেট নগরীতে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
সফরের সূচি অনুযায়ী, প্রথমে তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। এরপর নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ একাধিক উন্নয়ন উদ্যোগের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি তিনি বাসিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন এবং বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উন্নয়ন প্রকল্প নিয়ে প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও কড়া করা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সফর নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুরো সময়জুড়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
এনএন/ ০২ মে ২০২৬









