মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী

ঢাকা, ০২ মে – বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছেন পর্বতারোহী বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করেছেন।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স।
সংস্থাটির ফেসবুক পেজে জানানো হয়, প্রায় সাড়ে আট ঘণ্টার অবিরাম আরোহণ শেষে বাবর আলী সফলভাবে শীর্ষে পৌঁছান। এ সময় সেখানে প্রথমবারের মতো বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ানো হয়, যা দেশের পর্বতারোহণ ইতিহাসে এক গর্বিত মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ভার্টিক্যাল ড্রিমার্স আরও জানায়, এটি বাবর আলীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও যাত্রা এখনো শেষ হয়নি। নিরাপদে বেসক্যাম্পে ফিরে না আসা পর্যন্ত পূর্ণ সফলতা নিশ্চিত নয় বলে তারা উল্লেখ করেছে।
নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাকালু পর্বতকে পর্বতারোহীরা ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে চেনেন। এর পিরামিড আকৃতির তীক্ষ্ণ চূড়া এবং চারপাশে বড় কোনো পর্বত না থাকায় বাতাসের কারণে বরফ সরে গিয়ে অনেক সময় কালো পাথরের অংশ দৃশ্যমান হয়—যা থেকে এর নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়।
বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলো জয় করে আসছেন।
২০১৪ সাল থেকে পর্বতারোহণে সক্রিয় এই অভিযাত্রী এর আগে মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক আট হাজারি শৃঙ্গ জয় করেছেন। ২০২৫ সালে তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।
এর আগে ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম শৃঙ্গ জয় করেন। পরবর্তীতে এভারেস্ট ও লোৎসে আরোহণ এবং অন্নপূর্ণা-১ জয় করে তিনি আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।
বিশেষজ্ঞদের মতে, মাকালু জয় বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি বড় মাইলফলক। একই সঙ্গে এটি দেশের তরুণ পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ভার্টিক্যাল ড্রিমার্স জানিয়েছে, বাবর আলীর এই অভিযানে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশন পৃষ্ঠপোষকতা করেছে।
এনএন/ ০২ মে ২০২৬









