জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২ মে – জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান দূরত্বের প্রেক্ষাপটে ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
কয়েক দিন আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে তিক্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে দেশটি থেকে সেনা সরিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দুই মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে অপমান করছে বলে অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর।
মূলত এই ঘটনার জেরেই ট্রাম্প প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিলেন বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল রয়টার্সকে জানিয়েছেন যে আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। মূলত মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এই সিদ্ধান্ত কার্যকর করার পথে এগুচ্ছে হোয়াইট হাউস।
এস এম/ ২ মে ২০২৬









