চট্টগ্রাম

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসলে নেমে এক যুবকের মৃত্যু

সীতাকুণ্ড, ২ মে – চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে মো. মেহরাজ হোসেন নামের ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সমুদ্রসৈকতের ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহরাজ চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইনের বাসিন্দা মোহাম্মদ মোশারফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্ধু সাব্বির আরমানের সঙ্গে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যান মেহরাজ। একপর্যায়ে তারা দুজনে সমুদ্রে গোসল করতে নামলে হঠাৎ তীব্র স্রোতে ভেসে যান।

এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে সাব্বিরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মেহরাজ নিখোঁজ থাকেন। দীর্ঘ সময় তল্লাশির পর মেহরাজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে সমুদ্র থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language