ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে সহায়তা করেছে ইসরায়েল: নেতানিয়াহু

তেল আবিব, ৬ এপ্রিল – ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রুকে উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সহায়তা করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। নেতানিয়াহু জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে।
শত্রুর ভূখণ্ড থেকে ক্রু উদ্ধারের সাহসী সিদ্ধান্ত ও নিখুঁতভাবে অভিযান সম্পন্ন করার জন্য তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে এই অভিযানে ইসরায়েলের সহায়তার জন্য ট্রাম্পও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান নেতানিয়াহু। যুদ্ধক্ষেত্রের ভেতরে এবং বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগিতা নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। একজন সাহসী আমেরিকান যোদ্ধাকে বাঁচাতে ইসরায়েল অবদান রাখতে পারায় তিনি অত্যন্ত গর্বিত।
উল্লেখ্য গত শুক্রবার দক্ষিণ পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হয়। ইরানের দাবি তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। এরপর দুই দিন ধরে অনুসন্ধান চালানোর পর গত সপ্তাহান্তে ইরানের একটি পাহাড়ি এলাকা থেকে ওই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করেন মার্কিন কমান্ডোরা।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









