উত্তর আমেরিকা

হোয়াইট হাউসের কাছে মধ্যরাতে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

ওয়াশিংটন ডিসি, ৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রেসিডেন্টে বাসভবন হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার মধ্যরাতের কিছু সময় পর কে বা কারা এই গুলি চালায়। ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তদন্ত শুরু করেছে। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গোলাগুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছান।

এরপর হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত পার্ক এবং এর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বা কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।

বর্তমানে হোয়াইট হাউসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকলেও প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে সংলগ্ন এলাকার কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরবর্তীতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে এই ঘটনার তদন্ত চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language