উত্তর আমেরিকা

ট্রাম্পের হাসপাতালে ভর্তির গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস

ওয়াশিংটন, ৫ এপ্রিল – ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসপাতালে ভর্তির গুঞ্জন ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতির কারণে ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতাকে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়। তবে হোয়াইট হাউস সুস্পষ্টভাবে জানিয়েছে যে, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিছকই গুজব। স্থানীয় সময় শনিবার সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন কার্যসূচিতে কেবল ব্যক্তিগত সময় বরাদ্দ রাখা হয়েছিল।

এরপর হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয় যে প্রেসিডেন্ট সেদিন আর জনসম্মুখে আসবেন না। সাপ্তাহিক ছুটির দিনে ট্রাম্পের মতো সক্রিয় একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং ধারাভাষ্যকার এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট এই গুঞ্জনকে আরও উসকে দেয়। রটনা ছিল যে, ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে প্রেসিডেন্টকে সেখানে নেওয়া হয়েছে।

তবে জল্পনা ছড়িয়ে পড়ার পরপরই হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স টিম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানায়, প্রেসিডেন্ট এক মুহূর্তের জন্যও কাজ থামাননি। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ট্রাম্প ইস্টার ছুটির পুরোটা সময় ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন।

ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি প্রমাণ করে যে তিনি ভবনের ভেতরেই রয়েছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকাররাও হাসপাতালের সামনে কোনো বাড়তি নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পাননি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে সবসময়ই এমন বাড়তি কৌতূহল দেখা যায়।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language