সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল রাতে

ঢাকা, ২ মে – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামী রবিবার রাতে অনুষ্ঠিত হবে। শনিবার সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সদস্যদের এই শপথগ্রহণ অনুষ্ঠান আগামীকাল রবিবার ৩ মে রাত ৯টায় আয়োজিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। রাজনৈতিক দল ও জোটের অনুকূলে আসন বণ্টনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলেও আজ নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। ফলে তার শপথ গ্রহণে আর কোনো বাধা নেই। বিএনপি জোটের পক্ষ থেকে সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুন রায় চৌধুরী এবং সানজিদা ইসলাম তুলিসহ মোট ৩৬ জন সদস্য শপথ নেবেন।
জামায়াতের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা জামায়াত নেত্রী নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম এবং জুলাই বিপ্লবের শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম। এছাড়া এনসিপি, জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকেও প্রতিনিধিরা এই সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
এস এম/ ২ মে ২০২৬









