আইন-আদালত

ভার্চুয়াল আদালতে ৪ দিনে নিষ্পত্তি হলো ১৮০২ মামলা

ঢাকা, ২ মে – বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে চার কার্যদিবসে ৪ হাজার ৫৭১টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মোট ১ হাজার ৮০২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ২ হাজার ৪০৪টি মামলার শুনানি হয় এবং ১ হাজার ২৯টি মামলা নিষ্পত্তি করা হয়।

এর আগের সপ্তাহের একই দিনগুলোতে ২ হাজার ১৬৭টি মামলার শুনানি শেষে ৭৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালিত হবে।

সপ্তাহের বাকি কার্যদিবসগুলোতে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে। এই নির্দেশনা গত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ভার্চুয়াল শুনানির দৈনন্দিন কার্যতালিকা ও প্রয়োজনীয় আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language