পথচারীদের ভোগান্তি কমিয়ে হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ২ মে – ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি নিশ্চিত করেই হকারদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। শনিবার ডিএসসিসির অঞ্চল ২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রদান করেন।
ফুটপাতে হকার ব্যবস্থাপনা সম্পর্কে প্রশাসক বলেন, অতীতে অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখলের ফলে জনভোগান্তি চরমে পৌঁছাত। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে নির্ধারিত স্থানে ও নির্দিষ্ট সময়ে সীমিত সংখ্যক হকার বসতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার কার্যকর উন্নয়নে বিশ্বাসী।
স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে যথাযথ সমন্বয় করা হবে। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১ দশমিক ১ কিলোমিটার রাস্তা উন্নয়নের জন্য ৩ দশমিক ৬৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, নতুন সরকারের প্রতি জনগণের যে বিশাল প্রত্যাশা রয়েছে, তা পূরণে ডিএসসিসি নিরলসভাবে কাজ করে যাবে। উন্নয়ন কর্মকাণ্ডে নতুন সংযুক্ত এলাকাগুলোকে গুরুত্ব দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এস এম/ ২ মে ২০২৬









