মধ্যপ্রাচ্য

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ পাইলট শনাক্ত, চলছে উদ্ধারকাজ

তেহরান, ৫ এপ্রিল – ইরানের খুজেস্তান প্রদেশে ভূপাতিত যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী। তবে তাকে উদ্ধার করে এখনও ইরান থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, রাতে ইরানে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটির নিখোঁজ এক ক্রু সদস্যকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর তাকে উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। তবে উদ্ধার চলাকালীন সেখানে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ওই ক্রু সদস্য এখনও ইরানের ভেতরেই অবস্থান করছেন। চলমান সংঘাতের কারণে ওই পাইলট এবং উদ্ধার অভিযানে জড়িত দলের অন্যান্য সদস্যদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

এর আগে আল-জাজিরার প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, দ্বিতীয় ক্রুকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তীতে এই তথ্য সংশোধন করা হয়। অন্যদিকে শনাক্ত হওয়া পাইলট পুরুষ নাকি নারী, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language