ওপেক ত্যাগের পর এবার জিসিসি থেকেও বেরিয়ে যেতে পারে আমিরাত

দুবাই, ২৯ এপ্রিল – তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ত্যাগের ঘোষণার পর এবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী আঞ্চলিক জোট গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি থেকেও সংযুক্ত আরব আমিরাত সদস্যপদ প্রত্যাহার করতে পারে বলে আভাস পাওয়া গেছে। কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির সিনিয়র রিসার্চ স্কলার কারেন ইয়াংয়ের পর্যালোচনার ভিত্তিতে জার্মানির বার্লিনার জাইতুং পত্রিকা এই চাঞ্চল্যকর সংবাদটি প্রকাশ করেছে।
কারেন ইয়াংয়ের মতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি এটি স্পষ্ট করে দিয়েছে যে সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন জিসিসি একটি একক সত্তা হিসেবে বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে এবং এর সদস্য দেশগুলোর মধ্যবর্তী সংহতি এখন চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত এই সংস্থাটি দীর্ঘকাল অভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে পরিচালিত হলেও সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতায় এর অভ্যন্তরীণ ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।
আগামী ২০২৬ সালের ১ মে থেকে ওপেক ও ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তের পর জিসিসি ছাড়ার এই গুঞ্জন মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে। যদিও আমিরাত কর্তৃপক্ষ বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছে তবে বিশ্লেষকরা এই পদক্ষেপকে জোটের মধ্যকার গভীর ফাটল হিসেবেই দেখছেন।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









